আসানসোলে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলে জেলা গ্রন্থাগারে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা।















সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে রাজ্য কর্মচারীদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প শুরু করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের দক্ষতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের জনগণের সেবা চালিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের কথা সবসময় ভাবেন।

