জামুড়িয়ায় ১৯ নং জাতীয় সড়কে জল জমে সমস্যা, আসানসোলে এডিএমের উপস্থিতিতে বৈঠক, হবে পরিদর্শন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়ার নিংঘার ১৯ নং জাতীয় সড়কে জল জমে যাওয়ার সমস্যা নিয়ে মঙ্গলবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কার্যালয়ে এডিএম বা অতিরিক্ত জেলাশাসকের (জি) চেম্বারে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এডিএম ( জি) শুভাষীনি ই ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ , আসানসোলের মহকুমাশাসক বা এসডিও ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য , আসানসোল পুরনিগমের সেক্রেটারি, ইসিএল, এনএইচএআই বা জাতীয় সড়ক কতৃপক্ষ এবং অন্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।জানা গেছে, এর আগে এই বিষয় নিয়ে দুবার বৈঠক করা হয়েছে। এদিন আরো বিস্তারিত ভাবে জল জমে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। তাতে বেশ কিছু প্রস্তাব উঠে আসে।














এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, আগামী সোমবার নিংঘা এলাকা একটি টেকনিক্যাল টিম পরিদর্শন করবে। সেই টিমে সব দপ্তরের আধিকারিকরা থাকবেন। ঐ জল ইসিএলের একটি পরিত্যক্ত কোলিয়ারি থেকে এলাকায় আসছে। পরীক্ষায় দেখা গেছে, ঐ জলকে পরিশ্রুত করে পানীয় বা ব্যবহার যোগ্য করা যাবে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমকে এই জল নেওয়ার ব্যাপারে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। আরো একটা প্রস্তাব এদিনের আলোচনায় উঠে আসে, তা হলো কোনভাবে ঐ জলকে অন্যত্র নিয়ে যাওয়া। আগামী সোমবার এলাকা পরিদর্শন করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


