আসানসোল পুরনিগমে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” প্রকল্প নিয়ে বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের মিটিং হলে বৃহস্পতিবার মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” প্রকল্প নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কমিশনার একম জে সিং, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, পুরনিগমের অন্যান্য আধিকারিক, ইঞ্জিনিয়ার ও এই প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত ঠিকাদাররা উপস্থিত ছিলেন। এই বৈঠকে ঠিকাদারদের আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এই বলে যে তারা এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এই প্রকল্পের জন্য টাকার কোন অভাব হবে না।














এই বিষয়ে মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ” আমাদের পাড়া আমাদের সমাধান ” প্রকল্প সম্পর্কে, ঠিকাদারদের আশ্বস্ত করা হয়েছে যে টাকার কোন অভাব হবে না। আগে এই প্রকল্পের জন্য ২৭ কোটি টাকা পাওয়া গেছে। বুধবার পশ্চিম বর্ধমানের জেলাশাসকের সাথে বৈঠকের পর, আবার ৪০ কোটি টাকা এসেছে। তাই তিনি ঠিকাদারদের আশ্বস্ত করেছেন যে এই প্রকল্পে টাকার কোন অভাব হবে না। কাজ করার পরে তাদের টাকা পেতে কোন সমস্যা হবে না। ঠিকাদারেরা টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। এই প্রকল্পটিকে একটি ঐতিহাসিক প্রকল্প হিসেবে অভিহিত করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিয়েছেন যে তারাই সিদ্ধান্ত নেবেন যে তাদের এলাকায় কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।


