অসুস্থ ছেলেকে বেসরকারি হাসপাতালে দেখতে এসে পথ হারালেন বৃদ্ধা, পাশে পুলিশ, পৌঁছালেন ঠিক জায়গায়
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বেসরকারি হাসপাতালে ভর্তি অসুস্থ ছেলেকে দেখতে পাশের জেলা বীরভূমের খয়রাশোলের ভীমগড়ের রতনপুর থেকে সোজা দুর্গাপুরে চলে এলেন এক বৃদ্ধা। কিন্তু এরপরই ঘটলো বিপত্তি। পথ হারিয়ে বৃদ্ধা চলে গেলেন অন্য জায়গায়। তখন তিনি পাশে পেলেন পুলিশকে। ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ বৃদ্ধাকে পৌঁছে দিলো সঠিক জায়গায়। ঐ বৃদ্ধার নাম পরিমল পাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলার দিকে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে পরিমল পাঁজা নামে ঐ বৃদ্ধাকে অসহায় অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন ট্রাফিক ডিউটি কর্তব্যরত ট্রাফিক গার্ডের পুলিশ সৌরভ দাস। তিনি বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি ট্রাফিক গার্ড ওসি সুকান্ত দাসের নজরে আনেন। সঙ্গে সঙ্গে সুকান্তবাবু সেখান পৌঁছান। তিনি বৃদ্ধার কাছ থেকে তার নাতনির ফোন নম্বর নেন ও তাকে ফোন করেন। তখন তিনি জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি আছেন ।














তাকে দেখতেই বৃদ্ধা বীরভূম থেকে দুর্গাপুরে চলে এসেছেন। এরপর ঐ বৃদ্ধাকে বিধাননগরের বেসরকারি হাসপাতালে এনে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক গার্ডের ওসি সুকান্ত দাস। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ঐ বৃদ্ধা বাসে করে বেনাচিতি হয়ে গান্ধী মোড়ে চলে আসেন। তাকে ইতস্ততঃ ঘোরাঘুরি করতে দেখেন ট্রাফিক গার্ড পুলিশ। তারপর তার কাছ থেকে একটি নম্বর নিয়ে তাকে পরিবারের সদস্যর হাতে তুলে দেওয়া হয়েছে।


