আসানসোলের সুশান্ত রায় মোমের লিওনেল মেসি গড়লেন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এবার মোম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি গড়লেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। রবিবার সকালে এক অনুষ্ঠানে আসানসোলের ১ নং মহিশীলা কলোনির অরবিন্দ পল্লী মোড়ে মোমের শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহলে লিওনেল মেসির মোমের মূর্তি রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক উন্মোচন করেন। শিল্পীর সঙ্গে এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।














মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, শিল্পী সুশান্ত রায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করেন। সেইসব মূর্তি তিনি নিজের কর্মশালা বা ওয়াক্স মিউজিয়ামে রাখেন তার প্রতিভা ও হাতের কাজ নিয়ে যাই বলা হোক না কেন, তা কম। তার জন্য আসানসোলবাসী হিসেবে আমরা গর্বিত। তিনি আরো বলেন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মোমের মূর্তি রাখা আছে। যা দেখে মনে হয় যেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়ারে বসে কাজ করছেন।সুশান্ত রায় বলেন, আমি আমার শিল্প দিয়ে যতটা পারি মূর্তিকে জীবন্ত করার চেষ্টা করি। লিওনেল মেসির ক্ষেত্রেও তাই করার চেষ্টা করেছি।

