বারাবনিতে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবি রাস্তা অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, বারাবনি ও আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থানার পাঁচগছিয়ার নুনি মোড়ে ইট বোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মঙ্গলবার সকালের এই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারাবনি থানার চিনচুঁড়িয়া ঘোষ পাড়ার বাসিন্দা মৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ (৫৫)। এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ক্ষতি পূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে বারাবনি থানার পুলিশ এলাকায় আসে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ঐ ব্যক্তির মৃতদেহের ময়নাতদন্ত হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু পুলিশ প্রশাসনের কোনও নজরদারি নেই। ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে বলেও দাবি করেন তারা।পুলিশ সূত্রে জানা যায়, চিনচু়ঁড়িয়া ঘোষ পাড়ার বাসিন্দা ধীরেন ঘোষ এদিন সকালে কাজ শেষে সাইকেল করে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় নুনি মোড়ের কাছে স্থানীয় ইটভাটা থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। তাতে গুরুতর জখম হন ঐ ব্যক্তি। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢুকে যায়। দুর্ঘটনার পর ট্র্যাক্টরের চালক পালিয়ে যায়। তার কোন খোঁজ মেলেনি। মৃতের পরিবারকে মাত্র ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে, এই অভিযোগকে সামনে এনে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।














তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয়েই এ ধরনের ঘটনা ঘটছে। তারা দাবি করেন, অবিলম্বে ট্র্যাক্টর মালিককে সামনে আনতে হবে এবং মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকার বাসিন্দারা। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায়, ট্রাক্টর মালিক ও চালকের খোঁজ করা হচ্ছে। মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।


