জামুড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, দম্পতির মৃত্যু
বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির বোগড়া এলাকায় ১৯ নং জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে হওয়া এই ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তাদের ছেলে আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা ।মৃত দম্পতি জামুড়িয়া থানার নর্থ সিয়ারসোল কোলিয়ারির বাসিন্দা। তাদের নাম হলো কানাই লাল পাসি (৫৬) এবং পুতুল দেবী (৫২)। কানাই লাল পাসি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের কর্মী হিসেবে বাঁশড়া কোলিয়ারিতে কর্মরত ছিলেন।














পুলিশ সূত্রে জানা গেছে, দম্পতি কানাই লাল পাসি ও পুতুল দেবী এদিন বিকেলে মোটরবাইকে তাদের ছেলের সঙ্গে চাঁদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় জামুড়িয়া থানার বোগড়া এলাকায় ১৯ নং জাতীয় সড়কে একটি গাড়ি তাদের ধাক্কা মারে। এই দুর্ঘটনায় তিনজনই আহত হন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৯ নং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে জামুড়িয়া থানা ও জামুড়িয়া ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত দম্পতিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, শুক্রবার দম্পতির মৃতদেহর ময়নাতদন্ত করা হবে। ঘাতক গাড়ির খোঁজ করা হচ্ছে।

