আসানসোল পুরনিগমের অভিনব উদ্যোগ ” শেরু ও বন্ধুরা”, শহরে পথকুকুরদের জন্য পরিচর্যা ও টিকাকরণ কেন্দ্রের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কালিপাহাড়ির বাঘবন্দিতে আসানসোল পুরনিগমের এক মানবিক ও জনস্বার্থমূলক উদ্যোগ হলো ‘শেরু ও বন্ধুরা’। এটি পথকুকুরদের জন্য জন্মনিয়ন্ত্রণ ও টিকাকরণ কর্মসূচির একটা অংশ এবং পথকুকুর উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। শনিবার সকালে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, কমিশনার একম জে. সিং, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সৌমাত্মানন্দজী মহারাজ, পুরনিগমের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।














মেয়র বলেন, এই কেন্দ্রে বেওয়ারিশ বা পথ কুকুরদের ( স্ট্রিট ডগ) রাখা হবে। তাদের খাবার খাওয়ানোর পাশাপাশি দেখভাল করা হবে। তাদের যেকোনো অসুস্থতার চিকিৎসা করা হবে। কুকুরদের টিকাকরণ করা হবে। তিনি আরো বলেন , সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশে পুরসভা ও পুরনিগমগুলিকে এই ধরনের কেন্দ্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আসানসোল পুরনিগম এই কেন্দ্রটি করেছে। এদিনথেকে এই কেন্দ্র কাজ শুরু করেছে। বর্তমানে এখানে ১০টি কুকুর রাখা হবে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কাজ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বিভিন্ন এলাকা থেকে অসুস্থ ও আহত কুকুরদের নিয়ে আসবেন। এখানে তাদের চিকিৎসা করা হবে।
আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকার কুকুরদের এখানে আনা হবে। টিকা দেওয়া হবে এবং তারপর একই জায়গায় ছেড়ে দেওয়া হবে। তিনি জনগণকে অনুরোধ করেন যে, যখন এনজিওর সদস্যরা যখন কুকুর ধরতে যাবেন, তখন তাদের সাহায্য করুন। মেয়র বলেন যে এই কাজের জন্য আসানসোল পুরনিগমের তরফে একটি পৃথক বাজেট নির্ধারণ করা হয়েছে।


