আসানসোলে নতুন নলেজ ক্যাম্পাস এবং ম্যানেজমেন্ট ভবন উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কালিপাহাড়ির বাঘবন্দি এলাকায় আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এবং মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের নতুন ম্যানেজমেন্ট ভবন এবং নলেজ ক্যাম্পাসের শনিবার উদ্বোধন হয়।রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক বা ডিরেক্টর এইচ.এন. মিশ্র, পলিটেকনিকের অধ্যক্ষ ডাঃ লিসা মিশ্র, আসানসোল রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী সৌমাত্মানন্দজি মহারাজ, আসানসোলের বি.সি. কলেজের অধ্যক্ষ ড. ফাল্গুনী মুখোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, নরেশ আগরওয়াল সহ অন্যান্যরা। অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে মন্ত্রী মলয় ঘটক রিমোটের মাধ্যমে নতুন নলেজ ক্যাম্পাসের উদ্বোধন করেন।














প্রদীপ প্রজ্জ্বলনের পরে ফিতে কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আসানসোলকে একটি প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপেমন্ত্রী মলয় ঘটক তার ভাষণে বলেন যে, ২০১৩ সালে তিনি এইচ.এন. মিশ্রকে খালি জমিতে শিক্ষামূলক কাজ শুরু করার এবং একটি পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করেছিলাম। এইচ.এন. মিশ্র, ডাঃ লিসা মিশ্র এবং তাদের দলের প্রচেষ্টার ফলে আজ এখানে একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে সময়ে সময়ে নতুন পরিকাঠামো যোগ হচ্ছে।তিনি বলেন , ভবিষ্যতে আসানসোল একটি প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।
এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায়, আসানসোলের ইএসআই হাসপাতালকে একটি মেডিকেল কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, টেকনো ইন্ডিয়া গ্রুপের সহায়তায়, আসানসোল জেলা হাসপাতালকেও মেডিকেল কলেজের মতো সুযোগ-সুবিধা প্রদানের কথা বিবেচনা করা হচ্ছে।মন্ত্রী শিল্পপতিদের শিক্ষা খাতে বিনিয়োগ করার জন্যও আবেদন করেন যাতে স্থানীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে না হয়।এই অনুষ্ঠানে এইচ.এন. মিশ্র বলেন, নলেজ ক্যাম্পাস খোলার মাধ্যমে এখানে অন্যান্য বিষয় অধ্যয়ন করা সম্ভব হবে ও পড়ুয়ারা আরো ভালো সুযোগ-সুবিধা পাবে। তিনি আরো বলেন, ভবিষ্যতে এখানে এমবিএ কোর্স চালু করার চেষ্টা চলছে। যা এই এলাকার পড়ুয়াদের জন্য আরও সুযোগ-সুবিধা দেবে।


