দুর্গাপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে পুলিশের হস্তক্ষেপ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার চয়নের মাঠে কল্যাণী সংঘের তিনদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে রবিবার হঠাৎই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন খেলা চলাকালীন এক মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধার সম্মুখীন হন। অভিযোগ, এরপরই তিনি স্কুটি নিয়ে সরাসরি মাঠের পিচের মধ্যে ঢুকে পড়েন। আচমকা এই ঘটনায় খেলা বন্ধ হয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে মাঠে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।














ঘটনার পরে টুর্নামেন্ট আয়োজনকারী কমিটির সদস্যরা মাঠে ছুটে এসে মহিলার সঙ্গে কথা বলতে গেলে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই মহিলা পুলিশ কর্মী পিচে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঐ মহিলাকে এবং কল্যাণী সংঘের সেক্রেটারিকে আটক করে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।


