দুর্গাপুরে রাস্তার পাশে দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ” পুলিশ ” লেখা চারচাকা গাড়ি, ফল কিনতে এসে মৃত এক , আহত ৩
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাস্তার পাশে ফলের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়লো ” পুলিশ ” লেখা একটা চারচাকা গাড়ি। মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট এলাকায় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। ব্যস্ত বাজার, মানুষের স্বাভাবিক কেনাকাটা সবকিছু মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল এক নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। জানা গেছে, এদিন দুপুরে বিধাননগরের জোনাল মার্কেটর কাছে হঠাৎ একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ফলের দোকানে ঢুকে পড়ে। সেই সময় দোকানের সামনে কয়েকজন ক্রেতা ফল কিনছিলেন। আচমকা গাড়ির ধাক্কায় চারদিকে ছিটকে পড়েন সেই দোকানে থাকা মানুষজনেরা।














এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ফল দোকানের মালিক বিমল দাস বলেন, আমি, আমার স্ত্রী ও ছেলে দোকানে ছিলাম। দোকানে বেশ কয়েকজন ক্রেতা ছিলেন। আচমকাই হুড়মুড়িয়ে একটা চারচাকা গাড়ি ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হন ৫৫ বছর বয়সী গোপাল প্রসাদ বার্নওয়াল নামে এক ব্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এক শিশু সহ মোট তিনজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু সহ দুজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। ” পুলিশ ” লেখা ঐ গাড়ির চালক সিআরপিএফের অবসরপ্রাপ্ত আধিকারিক। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে ।
এই ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিক রাজকুমার মালাকার (এসিপি ট্রাফিক ৩) বলেন, এই এলাকায় টার্ন নেওয়ার সময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে রাস্তার পাশে ফলের দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এক শিশু সহ তিনজন আহত হন। গাড়িটিতে ” পুলিশ ‘ লেখা ছিলো। গাড়িটি চালাচ্ছিলেন সিআরপিএফের অবসরপ্রাপ্ত এক আধিকারিক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে এত ব্যস্ত বাজার এলাকায় কিভাবে চারচাকা গাড়িটি এত দ্রুতগতিতে চলছিল? চালকের অসাবধানতা, নাকি গাড়ির যান্ত্রিক ত্রুটি কোনটি এই মৃত্যুর জন্য দায়ী? বাজার এলাকায় পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ বা নিরাপত্তা ব্যবস্থা কি ছিল, তাও প্রশ্নের মুখেপুলিশ জানায়, তদন্তেই স্পষ্ট হবে এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ। তাই সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

