জামুড়িয়ায় পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করে ফেরার ছেলে, খোঁজে পুলিশ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* পারিবারিক বিবাদের জেরে বাবাকে মাথায় ভারী কিছু জিনিস দিয়ে মেরে খুন করলো ছেলে। খুনের পরে বাবাকে ঘরের মধ্যে ফেলে ফেরার গুণধর ছেলে! আসানসোলের জামুরিয়া থানা সত্তর গ্রামে ছেলে তার নিজের বাবাকে খুন করার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধার মদন বাউরি (৬৫)। বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলে রাজু বাউরিকে (৩৫) খুঁজছে। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে সত্তর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মদন বাউরির মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।














জানা গেছে, মঙ্গলবার রাতে সত্তর গ্রামের বাসিন্দা রাজু বাউরির স্ত্রী এবং সন্তানরা একটি অনুষ্ঠানের জন্য বাইরে ছিল। বাড়িতে কেবল রাজু বাউরি এবং তার বাবা মদন বাউরি ছিলেন। মঙ্গলবার রাতে রাজু বাউরি তার বাবার মাথায় আঘাত করে তাকে খুন করে পালিয়ে যায়। বুধবার সকালে খবর পেয়ে জামুরিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
মৃতের ছেলে তথা অভিযুক্ত রাজুর ভাই অজয় বাউরি বুধবার গোটা বিষয়টি জানিয়ে জামুড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ মামলা দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা করে, অভিযুক্ত রাজু বাউরির খোঁজ শুরু করেছে।পুলিশের এক আধিকারিক বলেন, পারিবারিক কোন বিবাদ থেকে ছেলে বাবাকে মাথায় কোন কিছু দিয়ে মেরে খুন করে পালিয়েছে। তার খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় একটি খুনের মামলা করা হয়েছে।

