আসানসোলে কয়লা মাফিয়াকে বিজেপি স্থায়ী আমন্ত্রিত সদস্য ! তোপ জেলা তৃণমুল নেতৃত্বর
বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* “ মুখে ‘মাফিয়া রাজ’, ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহেরা। কিন্তু বিজেপির আসল রূপ এটাই। আসানসোল-দুর্গাপুরের পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ-কে বিজেপি আসানসোল দক্ষিণে ‘স্থায়ী আমন্ত্রিত সদস্য’ করা হয়েছে। গত ৯ মার্চ বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্যের সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাতে ৭ জনকে দলের স্থায়ী আমন্ত্রিত সদস্য করার কথা বলা হয়েছে। আর এরপরই সরব হয়ে তোপ দেগেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।














বুধবার দুপুরে দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। সেই সাংবাদিক সম্মেলনে জেলা নেতৃত্ব বিজেপির আসল রুপের কথা তুলে ধরে আক্রমণ করেন। শাসক দলের তরফে কিছু ছবি দেখানো ও পোস্ট করা হয়েছে। তাকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে অন্ডাল বিমানবন্দরে বিদায় জানাতে ও হোটেলে প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীকে স্বাগত জানাতে জয়দেব খাঁকে অন্ডাল বিমানবন্দরে শাহকে বিদায় জানাতেও দেখা যাচ্ছে ।
শাসক দলের তরফে বলা হয়েছে, বিজেপির ‘স্বচ্ছ ভারত’ মানে অপরাধ দূর করা নয়, বরং সমাজবিরোধীদের দলে টেনে ক্ষমতা দেওয়া। এরাই সমাজবিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়দাতা।জনবিচ্ছিন্ন বিজেপি মাফিয়াদের সাহায্যে বাংলা দখলের স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার মানুষ কখনও অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এবারেও দেবে না।এদিনই দুর্গাপুরে কয়লা পাচার মামলায় পুলিশ অফিসার মনোরঞ্জন মন্ডলের সিটি সেন্টারের অম্বুজা নগরীর বাড়িতে ইডি অভিযান চালিয়েছে । পুলিশ অফিসারের বাড়ি গেটে নোটিশ দেওয়া হয়েছে। তাতে ইডির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজির দিতে হবে । আর ঠিক এই সময়েই সামাজিক মাধ্যমে বোমা পাঠালো তৃণমুল কংগ্রেস । আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের কয়লা মাফিয়া জয়দেব খাঁকে কেন্দ্র করেই এই পোষ্ট । বিজেপির তরফে আসানসোল দক্ষিণে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে বলে তোপ তৃণমুল নেতৃত্বর । তবে এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।
এদিকে, তৃণমুল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে, বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগ রয়েছে বলেই সেইসব কয়লা মাফিয়াদের বিরক্ত করে না ইডি ও সিবিআই। এবার সেই কয়লা মাফিয়াকে আসানসোল দক্ষিণে বিজেপির কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। বিজেপির জেলা বিজেপির সভাপতির সাথে যোগাযোগ করতে পারা যায় নি বলে তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে, জয়দেব খাঁ সম্পর্কে বিজেপির আগে দাবি ছিলো, তৃণমূল কংগ্রেস বললেই তো কেউ কয়লা মাফিয়া হয়ে যায় না। যার সম্পর্কে বলা হচ্ছে, তার বিরুদ্ধে বেআইনি কয়লা কারবারের কোন অভিযোগ নেই। এই নিয়ে জয়দেব খাঁয়েরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের আগে কয়লা নিয়ে সরগরম আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতি।

