কারখানায় দুর্ঘটনা, চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু, ১৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: জামুড়িয়া শিল্পাঞ্চলের শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৫টা নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় এক চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে।জানা যায়, ৪২ বছর বয়সী লালচাঁদ কর্মকার কারখানায় উঁচু জায়গায় কাজ করছিলেন। সেই সময় কোনও কারণে তিনি উপর থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তড়িঘড়ি করে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিক বাঁকুড়া জেলার দুর্লভপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।














ঘটনার পর শুক্রবার দুর্গাপুরে মৃত শ্রমিকের ক্ষতিপূরণ নিয়ে তার পরিবারের সদস্য, শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মৃত শ্রমিকের পরিবারের হাতে ১৩ লক্ষ টাকার চেক এবং শেষকৃত্যের জন্য ৫০ হাজার টাকা নগদ দেওয়া হবে।এ প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু মুখার্জি জানান, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। শ্রমিক সংগঠন সবসময় শ্রমিক ও তাদের পরিবারের পাশে রয়েছে। সংগঠনের উদ্যোগেই মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় শ্রমিকদের পাশে থাকে।

