দুর্গাপুরে ট্রাকের পেছনে চারচাকা গাড়ির ধাক্কা, মৃত চালক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চারচাকা গাড়ির চালকের। শুক্রবার ডিভিসি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত গাড়ি চালকের নাম প্রবীর রায় ( ৫৫)। তার বাড়ি বিধাননগরে।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি চারচাকা গাড়ি দুর্গাপুরের মুচিপাড়ার দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল।














সেই সময় গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ডিভিসি মোড়ের কাছে এসে হঠাৎই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। সেই গাড়ির ভেতরে আটকে পড়েন চালক প্রবীর রায়। স্থানীয় মানুষজনেরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুচিপাড়া ট্রাফিক গার্ডে পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

