পাম্প হাউস থেকে ট্রান্সফরমার ও কেবল চুরি, সালডাঙ্গা সহ আশপাশে জল সরবরাহ বন্ধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : ইসিএল-এর কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা কোলিয়ারির সালডাঙ্গা ৮ নম্বর পাম্প হাউসে শুক্রবার রাতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা পাম্প হাউস থেকে ট্রান্সফরমার ও কেবল কেটে নিয়ে চম্পট দেয়। এর জেরে শনিবার থেকে সালডাঙ্গা সহ সংলগ্ন এলাকাগুলিতে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নিউ কেন্দা কোলিয়ারির ম্যানেজার সঞ্জয় মণ্ডল কেন্দা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই এলাকায় জল সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়েছে।














স্থানীয় বাসিন্দা অমরজিৎ মণ্ডল জানান, ট্রান্সফরমার ও কেবল চুরি হয়ে যাওয়ার কারণে সালডাঙ্গা ও আশপাশের এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। দিন দিন গরম বাড়ছে, আর তার মধ্যে জল না পাওয়ায় সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে নিউ কেন্দা কোলিয়ারির সিকিউরিটি ইনচার্জ রহমান জানান, শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী পাম্প হাউসে হানা দেয়। সেই সময় ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী রতন রুইদাস ও মহেন্দ্র নোনিয়াকে বেঁধে ফেলে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুষ্কৃতীরা পাম্প হাউসে থাকা একটি ট্রান্সফরমার বাইরে বের করে তার মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। পাশাপাশি প্রায় ২০ ফুট কেবল কেটে নিয়ে পালিয়ে যায় তারা।

