আবারও আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল : নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় শক্তিশালী সরকার গঠন হবে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপির তরফে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার জন্য দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।সেই তালিকা মতো আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে। অন্য দিনের মতো সোমবার সকাল থেকে নিজের বিধানসভা এলাকায় ” পাড়ায় পাড়ায় দিদিভাই ” কর্মসূচির মাধ্যমে জনসংযোগ করেন বিজেপি বিধায়ক। তারমধ্যেই এদিন দুপুরের পরে দিল্লি থেকে তার নাম ঘোষণা করা হয়।














এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, আমি প্রথমেই দলের শীর্ষ নেতৃত্বকে আবারও আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। আসন্ন বিধানসভা নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়। এটা বাংলার পরিচয় এবং বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি জোর দিয়ে বলেন, এখানে শিকড় গেড়ে বসা দুর্নীতি থেকে জনগণকে মুক্ত করার জন্য বিজেপির পক্ষে বাংলার শাসনভার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিধানসভার দলের কর্মী ও সমর্থক ছাড়া আমি কিছুই নই। তিনি সকলের কাছে আগামী দিনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় একটি শক্তিশালী সরকার গঠন করা যায়।

