পশ্চিম বর্ধমান জেলা : নজর এখন ঘাসফুলে, নতুন মুখ বামেদের, তিন বিধায়ককে টিকিট দিয়ে সাত কেন্দ্রের প্রার্থী ঘোষণা পদ্ম শিবিরের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলায় তিন বিধায়ককে তাদের বিধানসভা থেকেই এবারের নির্বাচনে লড়াই করার জন্য টিকিট দিলো পদ্ম শিবির। তারা হলে আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল, কুলটির ডাঃ অজয় পোদ্দার ও দুর্গাপুর পশ্চিমের লক্ষণ ঘোড়ুই। একইভাবে গতবারের তিন প্রার্থীর উপর আবারও ভরসা রেখেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহরা। তারা হলেন জিতেন্দ্র তেওয়ারি, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও ডাঃ বিজন মুখোপাধ্যায়। জিতেন্দ্র তেওয়ারি ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তাদের পুরনো কেন্দ্র পান্ডবেশ্বর ও আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবারের লড়াই করবেন। ডাঃ বিজন মুখোপাধ্যায়ের এবারে কেন্দ্র বদল হয়েছে। ২০২১ সালে তিনি লড়াই করেছিলেন রানিগঞ্জ কেন্দ্র থেকে। এবার তাকে প্রার্থী করা হয়েছে জামুড়িয়ায়।














একইভাবে দুর্গাপুর পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। জেলার নয়টি বিধানসভার মধ্যে এদিন সাতটি কেন্দ্রের দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বারাবনি ও রানিগঞ্জ কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম এদিন ঘোষণা করা হয়নি। কেন তা করা হয়নি, তা অবশ্য জানা যায়নি। এই দুটি কেন্দ্রে একাধিক নাম রয়েছে প্রার্থী হওয়ার দাবিদার হিসেবে। এখন দেখার এই দুটি কেন্দ্রে প্রার্থীর নামে কোন চমক থাকে, না স্থানীয় কাউকে দেওয়া হয়।

এদিন, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগে বামফ্রন্টের ১৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বিজেপির মতো, বামেদের তরফে পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রের মধ্যে সাতটির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একমাত্র ঘোষণা করা হয়নি আসানসোল উত্তর ও বারাবনি বিধানসভার প্রার্থীর নাম। এই দুটি থেকে গতবার জিতেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও বিধান উপাধ্যায়। বামফ্রন্টের তরফে ঘোষণা করা সাতটির মধ্যে একমাত্র কুলটি থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে লড়াই করবেন শিল্পাঞ্চলের পরিচিত মুখ ভবানী আচার্য। বাকি ছয়টিতেই সিপিএমের প্রার্থীরা রয়েছেন।
তারা হলেন, আসানসোল দক্ষিণ শিল্পী চক্রবর্তী, রানিগঞ্জ নারায়ণ বাউরি, জামুড়িয়া মহঃ সাবীর হোসেন, পান্ডবেশ্বর প্রবীর মন্ডল, দুর্গাপুর( পশ্চিম) প্রভাষ সাঁই ও দুর্গাপুর (পূর্ব) সীমান্ত চট্টোপাধ্যায়। রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণের মতো দুর্গাপুরের বামেদের দুই প্রার্থী একেবারে নতুন মুখ। দুই বিরোধী দল বঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য মোটামুটি প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু বেশ খানিকটা হলেও রাজনৈতিক মহলকে চমক দিয়ে ভোট ঘোষণার ২৪ ঘন্টা পরেও সোমবার সন্ধ্যে পর্যন্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেনি। পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে ঘাসফুলের কারা প্রার্থী হন সেইদিকে এখন সবার নজর। ২০২১ এর নির্বাচনের নিরিখে এই জেলায় তৃণমূল ও বিজেপি ৪-৩। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কয়লাখনি এলাকায় পুরনোদের প্রতি ভরসা রাখেন, না কি কোন নতুন চমক দেন।

