পশ্চিম বর্ধমানে বলবৎ হয়েছে এমসিসি, সরকারি সম্পত্তি থেকে খোলা শুরু রাজনৈতিক দলের পতাকা ও ফেস্টুন
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কনডাক্ট ( এমসিসি) চালু হওয়ার পরেই সরকারি সম্পত্তিতে লাগানো রাজনৈতিক দলের ব্যানার ,ফেস্টুন ও পতাকা খুলে দেওয়ার কাজ শুরু করলো নির্বাচন কমিশনের নির্দেশ মতো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তর।বুধবার আসানসোলের কুলটি বিধানসভা এলাকায় বিভিন্ন সরকারি সম্পত্তিকে লাগানো ব্যানার, ফেস্টুন ও পতাকা গুলি মনিটরিংয়ের কাজ শুরু করলো এমসিসি টিম।এমসিসি টিমের সদস্য কল্যান চৌধুরী এই প্রসঙ্গে বলেন, আমরা সরকারি পোল বা বিল্ডিং ইত্যাদি সরকারি সম্পত্তিতে প্রচারের যে পতাকা বা ফেস্টুন লাগানো আছে , সেগুলো আমরা আপাততঃ মনিটরিং করছি।














প্রথমে সেই পতাকা ও ফেস্টুন যে রাজনৈতিক দলের, তাদেরকে অবহিত করছি খুলে নেওয়ার জন্য । তা না হলে আমরা সেগুলি খুলে ডিএম অফিসে জমা করে দেব। প্রসঙ্গতঃ, পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । ভোট ঘোষণার দিন অর্থাৎ গত রবিবার বিকেল তিনটের পর থেকে গোটা রাজ্য জুড়ে বলবৎ হয়েছে আর নির্বাচনের আদর্শ আচরন বিধি।

