প্রার্থীকে নিয়ে কর্মী সভা কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশে কুলটি বিধানসভার এবারের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে সোমবার হলো এক কর্মীসভা। কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে নিয়ামতপুর শিব মন্দির মেলা ময়দানে হয় এই কর্মীসভা। উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক সহ ব্লক নেতৃত্ব ও কর্মীরা এই সভায় উপস্থিত ছিলেন। এই সভায় কুড়িজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও প্রার্থী অভিজিৎ ঘটক।














এদিনের সভায় দলের প্রার্থীকে জেতানোর জন্য দলের সর্বস্তরের নেতা ও কর্মীদেরকে একজোট হয়ে মাঠে নামার নির্দেশ দেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এবার কুলটি জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেওয়ার জন্য দলের সর্বস্তরের নেতা ও কর্মীদেরকে উজ্জীবিত করেন।প্রসঙ্গতঃ, ২০২১ সালে উজ্জ্বল চট্টোপাধ্যায় এই কুলটি বিধানসভা কেন্দ্রে বিজেপির ডাঃ অজয় পোদ্দারের কাছে হেরে যান। কুলটির তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চট্টোপাধ্যায় অনুগামীরা ভেবেছিলেন যে, এবারেও তিনবারের বিধায়ক প্রবীণ এই নেতাকে প্রার্থী করবে। কিন্তু তা শেষ পর্যন্ত আর হয়নি।
এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কুলটির প্রার্থী করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে। তারপরে কিছুটা হলেও হতাশ হয়ে যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তার কিছুটা অভিমানও হয়। এই ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে সরাসরি ক্ষোভের কথা না বললেও, কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটে। সেই দিক থেকে এদিনের কর্মী সভা খুবই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

