” কল আছে, জল নেই” রানিগঞ্জের আদিবাসী পাড়ায় জলের হাহাকার দেখে শাসক দলকে তোপ অগ্নিমিত্রা পালের
বেঙ্গল মিরর, আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জের আমরাসতা পঞ্চায়েতের ঝাটি ডাঙ্গা আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এই জলের সমস্যা সম্পর্কে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।বাসিন্দাদের দাবি, প্রায় দু’বছর আগে বাড়ি বাড়ি কল বসানো হলেও অধিকাংশ ক্ষেত্রেই সেই কল দিয়ে জল আসে না। এলাকায় রাস্তায় একটি মাত্র কল রয়েছে। সেখান থেকেও জল পড়ার পরিমাণ এতটাই কম যে এক বালতি জল ভরতে দু’ঘণ্টারও বেশি সময় লেগে যায়। ফলে প্রতিদিন জল সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এমনকি জল নিয়ে প্রায়ই ঝগড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ।














স্থানীয়দের আরো অভিযোগ, বহু বছর ধরে এই জলের সমস্যা চললেও বারবার জানানো সত্ত্বেও কার্যকরী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।বুধবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রচারে এসে এলাকার এই পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এলাকার বাসিন্দারা তাকে তাদের সমস্যার কথা বলেন। বিজেপি প্রার্থী তাদেরকে আশ্বস্ত করে বলেন, যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, ততদিন তাদের এই সমস্যার মধ্যে থাকতে হবে। ১৫ বছর ধরে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছো। কিন্তু তারা তোমাদের জন্য কিছু করেনি। বিজেপির সরকার এলে, তারা জল পাবেন, মাথার ছাদ পাবেন। সরকারি পরিসেবা আরো ভালো করেন পাবেন। বাকিটা তোমাদের হাতে বল, এলাকার বাসিন্দাদের সতর্ক করেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেসের সরকারের সমালোচনা করে বলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘এগিয়ে বাংলা’ কর্মসূচির কথা বলা হলেও বাস্তবে বহু জায়গায় মানুষ এখনও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত।তিনি কটাক্ষ করে বলেন, যেখানে কল আছে কিন্তু মানুষ জল পাচ্ছে না, আবার অনেক গরীব মানুষের এখনও মাটির বাড়ি রয়েছে। সেখানেও উন্নয়ন করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে। এই প্রসঙ্গে তিনি আসানসোল দক্ষিণের দুবারের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়কেও কটাক্ষ করেন বিজেপি প্রার্থী।

