আসানসোল পুরনিগমে মার্চ মাসের কাউন্সিলারদের বোর্ড বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের পুর কাউন্সিলারদের চলতি মার্চ মাসের বোর্ড বৈঠক বুধবার আসানসোল পুরনিগমে হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , বোরো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে আসানসোল পুরনিগম এলাকায় নাগরিক সুবিধা কিভাবে বজায় রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়।














পরে সাংবাদিকদের বৈঠক নিয়ে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনী সামনে আসছে। এখন এমসিসি বা মডেল কোড অফ কনডাক্ট ( নির্বাচনী আচরণবিধি) কার্যকর করা হয়েছে। তাই এদিনের বৈঠকে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিরোধীরা নতুন সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলে। তাই, এদিনের বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল কিভাবে মৌলিক সুবিধা বজায় রাখা যায় এবং গ্রীষ্মকালে কিভাবে জল ও স্যানিটেশন ব্যবস্থা ঠিক রাখা যায়।
মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, বিরোধীরা প্রায়শই গ্রীষ্মকালে জলের অভাব নিয়ে অভিযোগ করেন। কিন্তু জলের অভাব অস্বাভাবিক কিছু নয়। তা সত্ত্বেও, আসানসোল পুরনিগম জল সরবরাহ বজায় রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, বিরোধীদের জন্য সমালোচনা করা খুব সহজ। কিন্তু ক্ষমতায় থেকে দায়িত্বের সাথে কাজ করা খুব কঠিন। যা তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগম করছে।

