বারাবনিতে আন্তঃরাজ্য চেকপোস্টে নাকা চেকিং বার্নপুরের বাসিন্দার কাছ থেকে উদ্ধার সাড়ে ১০ লক্ষ টাকা
বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিম বর্ধমান জেলায় আন্তঃরাজ্য ও আন্তঃজেলা চেকপোস্ট সহ মোট ২৩ টি নাকা পয়েন্ট করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো সেই নাকা পয়েন্টে গাড়ি পরীক্ষা করা হচ্ছে।
সেই মতো রবিবার দুপুর আনুমানিক একটা বারাবনি থানার রুনাকুড়া ঘাট নাকা পয়েন্টে নাকা চেকিং করছিলো পুলিশ ও অন্য আধিকারিকরা। সেই চেকিং চলাকালীন হিরাপুর থানার বার্নপুর রোডের স্নেহা অ্যাপার্টমেন্টের বাসিন্দা সঞ্জয় তেওয়ারি নামে এক ব্যক্তির কাছ থেকে ১০,৫০,০০০ (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। তিনি একটি ভাড়াগাড়িতে করে মহাগামা (ঝাড়খণ্ড) থেকে আসছিলেন। যেহেতু এই টাকা উৎস সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেননি। তাই তাকে এফএসটির উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়।














এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া মেনে আয়কর বিভাগ বা আইটিকে অবহিত করা হয়। সোমবার আইটির অফিসাররা এসে ঐ ব্যক্তিকে আরো এক দফায় জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু ঐ ব্যক্তি এই টাকা ব্যবসার জন্য আনছিলেন বলে জানান। কিন্তু কোন প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই টাকা আপাততঃ ট্রেজারিতে জমা থাকবে। পরবর্তী সময়ে ঐ ব্যক্তিকে প্রমাণ দিলে, আইন মতো টাকা ফিরে পাবেন।

