আসানসোলে মন্দিরে দুষ্কৃতি তান্ডব, একাধিক মূর্তি ভাঙচুর, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ি এলাকায় একটি প্রাচীন মন্দিরে দুষ্কৃতি তান্ডবের ঘটনা ঘটলো। মন্দিরের ভেতরে একাধিক মূর্তি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন, মন্দিরটি ২০০ বছরের পুরনো। এদিন সকালে তারা মন্দিরে পুজো করেন। কিন্তু দুপুরের দিকে এসে তাঁরা এই ভাঙচুরের ঘটনা দেখতে পান।














মন্দিরের ভেতরে থাকা কালী, ভগবান শিব এবং ভগবান হনুমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি অত্যন্ত প্রাচীন মন্দির। পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে এই কাজের জন্য দায়ীদেরকে শনাক্ত করে কঠোরতম শাস্তি দেওয়া। ঘটনার খবর পেয়ে ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা ঘটনাস্থলে পৌঁছান। আসেন ওয়ার্ড সভাপতি মনোজ হাজরাও। কাউন্সিলর জানান, মন্দিরটিতে ভাঙচুর করা হয়েছে। কিছু মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে।
তিনি বলেন, যারা এই কাজ করেছে, তারা নির্বাচনী পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করেছে। তিনি অবিলম্বে পুলিশি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ওয়ার্ড সভাপতি মনোজ হাজরা জনগণকে শান্ত থাকার জন্য আবেদন জানান। তিনি অবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে একটি সুষ্ঠু ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। যাতে অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা যায় এবং এই ধরনের ঘটনা আটকানো সম্ভব হয়।স্থানীয় বাসিন্দারাও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যেকোনো ধরনের গুজব থেকে বিরত থাকার ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।পুলিশ প্রশাসনের তরফেও বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে।
পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে নজরদারিও বাড়ানো হয়েছে।এদিকে, এদিন সন্ধ্যায় আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এলাকায় আসেন ও এই ঘটনার প্রতিবাদে সরব হন। তিনি পুলিশের কাছে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

