বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়, জেলার সাত আসনে জেতার ব্যাপারে আশাবাদী সভাপতি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ শেষ পর্যন্ত প্রত্যাশা মতো বারাবনি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন অরিজিৎ রায়। মঙ্গলবার চতুর্থ দফার প্রার্থী তালিকায় বিজেপির তরফে এই কথা জানানো হয়েছে। মঙ্গলবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি বারাবনি কেন্দ্র থেকে অরিজিৎ রায়কে টিকিট দিয়েছে। এর আগে, বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ঢাক বাজিয়ে, একে অপরের গায়ে গেরুয়া আবির মাখিয়ে এবং মিষ্টি বিতরণ করে দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। সেখানে উপস্থিত অরিজিৎ রায় প্রথমে দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এই বলে যে, তারা আবারও তাঁর উপর আস্থা প্রকাশ করেছেন।














তিনি বলেন , ২০২১ সালের তুলনায় এবারের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বারাবনি বিধানসভা কেন্দ্রের মানুষ পরিবর্তন চান। আর তিনি আত্মবিশ্বাসী যে এবার সেই পরিবর্তন আসবেই। তিনি বলেন, বিধান উপাধ্যায় অসিত সিংয়ের নেতৃত্বে সেখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার পদদলিত হচ্ছে। যা এখন আর হবে না। কারণ সেখানকার মানুষ জেগে উঠেছেন ও তারা বিজেপির বিজয় নিশ্চিত করতে প্রস্তুত।
তিনি স্পষ্টভাবে বলেন, এবার বাংলায় বিজেপির সরকার গঠন নিশ্চিত।অন্যদিকে, জেলা সভাপতি দলের সাংগঠনিক জেলার সাতটি কেন্দ্রেই জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, অনেকেই গত কয়েক দিন ধরে বলছিলেন বিজেপি বারাবনিতে প্রার্থী দিতে পারছে না। তার এখন নিশ্চয় খুশি হয়েছেন৷ দল বারাবনির পাশাপাশি জেলার সাতটি আসনেই জিতবে।

