দুর্গাপুরে মনোনয়ন পত্র জমা পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াই যতদিন যাচ্ছে, ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বুধবার বিপুল শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমাশাসক বা এসডিও অফিসে তাঁর মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নরেন্দ্রনাথ চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করে তাঁর আশীর্বাদ নেন।











সেই সময় দুর্গাপুরের সিটি সেন্টারের হোটেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী গাড়ি করে বীরভূমে নির্বাচনী সমাবেশের জন্য হেলিপ্যাডের দিকে যাচ্ছিলেন। রাস্তায় দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে পেয়ে, গাড়ির কাছে ডেকে নেন। প্রায় এক মিনিটের মতো দুজনের মধ্যে কথা হয়। সেই কথার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন।এরপর নরেন্দ্রনাথ চক্রবর্তী কর্মী ও সমর্থকদের নিয়ে একটি মিছিল করে দুর্গাপুর মহকুমাশাসকের অফিসে যান এবং আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন পত্র জমা দেন।



পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি দিদির আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিয়েছি। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস শক্তিশালী জায়গায় রয়েছে। বিজেপির মুখোশ সারা বাংলার মানুষের কাছে খুলে গেছে। তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেম।উল্লেখ্য , গত ৩০ মার্চ থেকে বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। আগামী ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলবে।

