ASANSOL

আসানসোল উত্তর বিধানসভা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর হাজী নাসিম আনসারি সোমবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিন আসানসোল মহকুমাশাসক বা এসডিও (সদর) অফিসে তিনি তার মনোনয়ন পত্র তুলে দেন আসানসোল উত্তর বিধানসভার আরও বা রিটার্নিং অফিসারের হাতে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যারা আসানসোল উত্তর বিধানসভার রেল পার এলাকার উন্নয়নের কথা বলেন, তারা আসলে এই এলাকার মানুষের জন্য কিছুই করেননি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কোনো ক্ষেত্রেই রেলপারের যুবক বা মানুষের জন্য কোনো কাজ করা হয়নি।

তিনি আরো বলেন, রেলপার এলাকায় এতটাই তীব্র জলসংকট যে আমি একটি জলের ট্যাঙ্ক তৈরির জন্য নিজের জমি দান করেছিলাম। কাউন্সিলর থাকাকালীন কাজ সেই ট্যাঙ্ক তৈরির কাজ চলছিল। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার সাথে সাথেই কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, রেলপারের মানুষের সাথে সবসময় সৎমায়ের মতো আচরণ করা হয়েছে। শুধুমাত্র ভোটব্যাঙ্ক এবং নির্বাচনী ও রাজনৈতিক লাভের জন্য তাঁদের ব্যবহার করা হয়েছে। আমি এই নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি একটা সময় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) অংশ ছিলাম। কিন্তু আজ পরিস্থিতি এমন হয়েছে যে যাঁরা মন থেকে টিএমসিকে সমর্থন করেছিলেন, তাঁদেরই কোণঠাসা করা হয়েছে।

এখন আসানসোল উত্তর বিধানসভা যারা টিএমসি চালাচ্ছেন, আমি রেলপারের সেইসব মানুষদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করেছি। তারা দলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। তিনি আত্মবিশ্বাসী যে তার এই এলাকার মানুষের পূর্ণ সমর্থন পাবেন। তার দাবি, তিনি এই নির্বাচনে অবশ্যই জিতবেন।উল্লেখ্য, এর আগের পুর বোর্ডে হাজি নাসিম আনসারি রেলপারের আসানসোল পুরনিগমের ২৫ নং ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার হয়েছিলেন। এবারের পুর ভোটে তিনি ঐ ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। কিন্তু তিনি কংগ্রেসের এস এম মুস্তাফার কাছে হেরে যান।

জানা গেছে, রেলপার এলাকায় হাজি নাসিম আনসারির একটি ম্যারেজ হল আছে। একটা সেতু তৈরি করা নিয়ে তার সেই ম্যারেজ হল ভাঙ্গা পড়ে। অভিযোগ, সেই ম্যারেজ হল সরকারি জমিতে তৈরি করা হয়েছিলো। এরপরই তিনি বিদ্রোহী হয়ে উঠেন। প্রসঙ্গতঃ, এই আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। হাজি নাসিম আনসারির নির্দল প্রার্থী হওয়া নিয়ে মলয় ঘটক বা তৃণমূল নেতৃত্বর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *