আসানসোল উত্তরে ” কৃষ্ণেন্দু” নামে তিন প্রার্থীর মনোনয়ন প্রচারের মধ্যেই রাজনৈতিক শোরগোল
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম “হট সিট” হলো আসানসোল উত্তর বিধানসভা। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পরে সেই আসানসোল উত্তর বিধানসভা আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছে।মনোনয়ন পত্র জমা পড়ার পরে দেখা যায়, এই কেন্দ্রে “কৃষ্ণেন্দু” নামে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ।











এই প্রার্থীদের মধ্যে রয়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু চ্যাটার্জী এবং কৃষ্ণেন্দু মুখার্জী। এই তিনজনের মধ্যে কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপি প্রার্থী। বাকি দুজন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু চ্যাটার্জী নির্দল প্রার্থী। স্বাভাবিক ভাবেই এই সামনে আসার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এই প্রসঙ্গে, মঙ্গলবার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী এটিকে একটি ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, পরিকল্পনা করে ভোটারদের বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে একই নামের প্রার্থীদের দাঁড় করানো হয়েছে।



তিনি বলেন, বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিরোধী দলগুলো শঙ্কিত।তবে, নির্বাচনী নিয়ম অনুযায়ী, কাগজপত্র ঠিক থাকলে একই নামের প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অবৈধ নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিশেষ করে ভোট ভাগ করার জন্য আগেও এমন কৌশল ব্যবহার করা হয়েছে।এই বিষয়টি আসানসোল উত্তর বিধানসভা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনের ফলাফলের উপর এর কতটা প্রভাব পড়বে, তা দেখতে আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

