ASANSOL

নরেন্দ্র মোদির সভায় ৪৫০ মোবাইল চুরির অভিযোগ হিরাপুর থানার সামনে বিজেপির রাস্তা অবরোধ, বিক্ষোভ

*বেঙ্গল মিরর, আসানসোল ও বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের পোলো গ্রাউন্ডে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজয় সংকল্প সভায় জমায়েতে মধ্যে একাধিক চুরির ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৪৫০ জনের মোবাইল ফোন চুরি হয়েছে। এর পাশাপাশি মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে দাবি করা হয়েছে।এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা প্রথমে পোলো গ্রাউন্ড লাগোয়া চিত্রা মোড়ে হিরাপুর ট্রাফিক গার্ডে বিক্ষোভ দেখান। পরে তারা হিরাপুর থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ও ধর্ণায় বসেন।

এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল মন্ডল ১ র সভাপতি সোমনাথ মন্ডল। তার বক্তব্য, প্রধানমন্ত্রীর সভাতেই যদি এই ধরনের নিরাপত্তাহীনতা দেখা যায়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? তিনি বলেন, চোরদের একটা বড় দল সভায় এসেছিলো। তারা সুযোগ বুঝে সভায় আসা দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মোবাইল ফোন ও অন্যান্য জিনিস চুরি করেছে।বিক্ষোভকারীদের দাবি, ইতিমধ্যেই প্রায় ১০ জন সন্দেহভাজনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে হবে।পরে পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। যাদের ফোন বা অন্য জিনিস চুরি গেছে, তা নিয়ে নির্দিষ্ট করে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে পুলিশের তরফে। স্বাভাবিক ভাবেই এই চুরি নিয়ে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।হিরাপুর থানা সূত্রে জানা গেছে , বেশ কিছু চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে মোবাইল ফোনের সংখ্যা বেশি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *