ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জের তৃণমূল কাউন্সিলর নিয়ে এলাকাজুড়ে পড়েছে ‘নিখোঁজ’ পোস্টার,

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ভোটের সময় মানুষের দুয়ারে দুয়ারে দেখা মিলেছিল জনপ্রতিনিধিদের। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকেই কি বদলে গেল ছবি? আসানসোল পৌরনিগমের রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজু সিংকে নিয়ে এবার দেখা দিল নতুন বিতর্ক। এলাকাজুড়ে পড়েছে ‘নিখোঁজ’ পোস্টার, আর তা ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।রানীগঞ্জের ৯১ নম্বর ওয়ার্ডে হঠাৎই চোখে পড়ছে কাউন্সিলর রাজু সিংয়ের নামে ‘নিখোঁজ’ পোস্টার। পোস্টারে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় দেখা মিলছে না জনপ্রতিনিধির। এই পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। রানীগঞ্জ শহর বিজেপির মণ্ডল সভাপতি শ্যামসের সিং দাবি করেছেন, শুধু রাজু সিং নন, রানীগঞ্জের ১১টি ওয়ার্ডের অধিকাংশ তৃণমূল কাউন্সিলরকেই ভোটের ফল প্রকাশের পর আর এলাকায় দেখা যাচ্ছে না।

ভোটের সময় মানুষের কাছে গেলেও এখন সাধারণ মানুষের সমস্যার খোঁজ নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাঁর।যদিও এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে তৃণমূল। শাসকদলের দাবি, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁদের জনপ্রতিনিধিরা। বিরোধীরা রাজনৈতিক প্রচারের স্বার্থেই এই ধরনের পোস্টার লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।নিখোঁজ পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর যতই বাড়ুক, প্রশ্ন একটাই—জনপ্রতিনিধিদের নিয়ে কেন এমন পোস্টার পড়ল এলাকায়? আর এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *