পানীয়জল থেকে সাফাই, দলের কাউন্সিলারের বিরুদ্ধেই অভিযোগ, মেয়রের দ্বারস্থ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। হাইড্রেন থেকে এলাকার নালি নর্দমা সাফাই করা হয়না। এমনকি ওয়ার্ডে দলের গরীব পরিবারগুলি সরকারি গম পাচ্ছেন। এমন সবকিছু সমস্যা থাকলেও ওয়ার্ডের দলেরই কাউন্সিলর কোন সুরাহা করছেন না। তাই ওয়ার্ডের কাউন্সিলর সীমা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ জানাতে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হলেন আসানসোল পুরনিগমের ৭৯ নং ওয়ার্ডের বার্ণপুরের শান্তিনগর এলাকার তৃনমুল কংগ্রেসের মহিলা সংগঠনের নেতৃত্ব।















বুধবার সকালে পুরভবনে এসে মেয়রের সঙ্গে দেখা করেন ৭৯ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী ও সদস্যারা। তারা মেয়রকে বিস্তারিত ভাবে এলাকার মানুষের সমস্যার কথা বলেন। লিখিত ভাবে একটি ডেপুটেশনও দেওয়া হয় মেয়রকে। এই প্রসঙ্গে তৃনমুল কংগ্রেসের নেত্রী মিঠু দাসগুপ্ত বলেন, ৭৯ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। কলে জল পড়েনা। জল এলেও ৫/১০ মিনিট দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। এলাকার নালি নর্দমা সাফাই করা হচ্ছে না। বিশেষ করে এলাকার হাইড্রেন দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। তা, না হওয়ায় একটু বৃষ্টিতেই ড্রেনের জল রাস্তা উপচে পড়ে বাড়িতে ঢুকে যাচ্ছে। মিঠুদেবী আরো বলেন, সরকারি যে গম দেওয়া হচ্ছে, তা সংগঠনের কর্মী ও তাদের পরিবার পাচ্ছেননা। যারা সিপিএম ও বিজেপি করে তারা পেয়ে যাচ্ছেন। তারা পাক, তাতে আমাদের কোন আপত্তি নেই। যারা সীমা মন্ডলকে রাস্তায় নেমে লড়াই করে জিতিয়েছেন, তারাও তো পাবেন? এইসব বিষয় নিয়ে সীমা মন্ডলকে বলা হয়েছে। কিন্তু তিনি কিছু না করায় এদিন আমরা সবাই মেয়রের সঙ্গে দেখা করে সব জানালাম। উনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।
দলেরই ওয়ার্ড কাউন্সিলারের বিরুদ্ধে দলের মহিলা সংগঠনের অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, কোন দলের কোন্দল ও গোষ্ঠী দ্বন্দ্ব নয়। কিছু সমস্যা হচ্ছে। তাই মহিলারা দেখা করতে এসেছিলেন। কিছু দাবি ও অভিযোগ তারা আমার কাছে করেছেন। কাউন্সিলারের সঙ্গে কথা বলে তা মিটিয়ে নেওয়া হবে।
এদিকে ৭৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সীমা মন্ডলের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
তবে, কাউন্সিলরের বিরুদ্ধে এমন অভিযোগ মহিলা সংগঠন করায় শাসক দলের নেতৃত্ব কিছুটা হলেও অস্বস্তিতে।
উল্লেখ্য, মেয়র বিধান উপাধ্যায় একইসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি।


