জামুড়িয়ায় তিন গ্রামের মানুষদের পথে নেমে অবরোধ, বিক্ষোভ, রাস্তা সংস্কারের দাবি
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকালেই আসানসোলের জামুড়িয়ায় ইকড়া রেলগেটের কাছে ইকড়া, মহীষাবুড়ি ও চণ্ডীপুর গ্রামের বাসিন্দারা প্রতিবাদে সামিল হলেন। এলাকার প্রধান রাস্তার বেহাল অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা জামুড়িয়া থেকে চাকদোলা মোড় পর্যন্ত যাওয়া প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আসে জামুড়িয়া থানার পুলিশ। বেশ কিছুক্ষন পুলিশ বিক্ষোভকারী গ্রামবাসীদের ধরে কথা বলে। শেষ পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করে যে, এই রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ফান্ডের অনুমোদন পাওয়া গেলেই রাস্তা সংস্কার করা হবে।















পুলিশের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরে গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেন। গ্রামবাসীদের অভিযোগ, ইকড়া গ্রাম থেকে ইকড়া স্টেশন পর্যন্ত ১.৪ কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে শুধুই আশ্বাস দেওয়া হয়েছে, কোনো বাস্তবে কোন কাজ হয়নি।ইকড়া গ্রামের বাসিন্দা বুদ্ধদেব রজক বলেন, দীর্ঘদিন ধরে চলা ভোগান্তি ও যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীদের বাধ্য হয়ে এদিন রাস্তায় নেমে অবরোধ করতে হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, রাস্তা সংস্কারের সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।


