আসানসোলে সাফাই কর্মীদের বিক্ষোভ অব্যাহত, শহর জুড়ে আবর্জনার স্তূপ
দুদিন ধরে বন্ধ কাজ, বেতন বৃদ্ধি সহ চার দফা দাবিতে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ তাদের চার দফা দাবির সমর্থনে শুক্রবার থেকে কাজ বন্ধ করে ধর্মঘট পালন করছেন। শুক্রবারের পরে শনিবারেও বিপুল সংখ্যায় সাফাই কর্মী আসানসোল পুরনিগমে আসেন। এদিনও তারা পুরনিগমে বিক্ষোভ দেখান। শুক্রবার আসানসোল পুরনিগমে অবশ্য ছিলেন না মেয়র বিধান উপাধ্যায় । তবে এদিন মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি সাফাই কর্মীদের দাবি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।














মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি প্রায় এক বছর আগে কার্যকর করা হয়েছে।তাই এই মুহূর্তে আর বেতন বৃদ্ধি সম্ভব নয়। প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) দাবির বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, পিএফের টাকা ২০২৫ সালের মার্চ পর্যন্ত কর্মীদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। তবে, কিছু টেকনিক্যাল কারণে, টাকা জমা কিছু সময়ের জন্য দেরী হয়েছিল। তবে এখন সমস্যাটি সমাধান করা হয়েছে। পিএফের তহবিল শীঘ্রই কর্মীদের অ্যাকাউন্টে জমা করা হবে।ক্যাজুয়াল কর্মী হিসেবে স্বীকৃতির দাবি সম্পর্কে মেয়র বলেন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে একটি বৈঠক করা প্রয়োজন। বিধানসভা নির্বাচনের আগে শাসকদলকে হয়রানি করার জন্য, বিশেষ করে সাফাই কর্মীদের বিক্ষোভের পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে মেয়র তা নিয়ে কিছু বলতে অস্বীকার করেন।
তিনি বলেন, সবগুলি সাফাই কর্মীদের ন্যায্য দাবি। যা তাদের পুর কতৃপক্ষের কাছে বলার অধিকার রয়েছে।সাফাই কর্মীদের এই কাজ বন্ধ বা ধর্মঘটের কারণে, গত দুই দিন ধরে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার হচ্ছে না। শহরের বিভিন্ন এলাকায় এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সর্বত্র আবর্জনার স্তূপ জমে আছে। এ বিষয়ে মেয়র বলেন, পুর কতৃপক্ষ সাফাই কর্মীদের দাবি নিয়ে হওয়া সমস্যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করে, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, আসানসোল পুরনিগমের বিরোধী দল নেত্রী বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি আসানসোল পুর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাফাই কর্মীদের সমস্যা সমাধানের জন্য এখন পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা পুর কতৃপক্ষকে ব্যাখ্যা করতে হবে। তিনি সতর্ক করে বলেন, আসানসোল শহরকে এভাবে নোংরা রাখা যাবে না,। বিশেষ করে যখন আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং মুসলিম সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসবও আসছে। এমন সময়ে পুরনিগম কতৃপক্ষ নিজেদের দায় অস্বীকার করতে পারেনা।উল্লেখ্য, সাফাই কর্মীরা ন্যূনতম মজুরি ১৫,০০০ টাকা বৃদ্ধি, পরিচয়পত্র প্রদান, ভবিষ্য নিধি বা প্রভিডেন্ট ফান্ডে নিয়মিত টাকা জমা এবং সামাজিক সুরক্ষা সহ চার দফা দাবির সমর্থনে কাজ বন্ধ করেছেন। তাদের দাবি, সাফাই কর্মীরা খুব কঠোর পরিশ্রম করেন। বর্তমান ৯,০০০ টাকা বেতনে পরিবার চালানো কঠিন। তাই তাদের ন্যূনতম বেতন বৃদ্ধি করে ১৫,০০০ টাকা করা এবং সামাজিক সুরক্ষা দেওয়া হোক।


