কয়লা পাচার মামলায় ৯ জায়গায় ইডির অভিযান, দুর্গাপুরে ওসির বাড়িতে হানা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়লা পাচার মামলায় আবারও সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি।মঙ্গলবার সাতসকালেই বাংলার একাধিক জায়গায় অভিযানে নামলো ইডি। কয়লা পাচার মামলায় দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি বলে জানা গেছে । সূত্রের খবর, কয়লা পাচারের কালো টাকা হাওয়ালার মাধ্যমে কোনপথে কার কার কাছে গেছে, তার খোঁজেই এই অভিযান ইডির। এছাড়াও কয়লা পাচারে প্রোটেকশন মানি কারা নিতো, কার মাধ্যমে তা হত সেই বিষয়টির খোঁজেও চলছে অভিযান। এ দিন দুর্গাপুরে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির আধিকারিকরা। তাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।














মঙ্গলবার সকালে দুর্গাপুর মহকুমার একাধিক জায়গায় হানা দেয় ইডি বিশেষ দল। জানা গেছে, সদ্য বুদবুদ থানার ওসির দায়িত্ব পাওয়া মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের অম্বুজানগরীর বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। কয়েকদিন আগেই বুদবুদ থানায় পোস্টিং পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল।তবে এখনও চার্জ নেননি। তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা বলে জানা গেছে । গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস ইডির অভিযানের খবর পেয়ে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছান। তিনি ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
এ ছাড়া দুর্গাপুরে সেপকো টাউনশিপে বালি কারবারি প্রবীর দত্তর বাড়িতে এ দিন সকাল ছ’টা নাগাদ হানা দেন ইডির আধিকারিকরা। সিটি সেন্টার অঞ্চলে অম্বেদকর সরণিতে একটি বাড়িতেও হানা দেয় ইডির আধিকারিকদের একটি দল।এছাড়া পান্ডবেশ্বর ও কাঁকসা থানার ১৯ নম্বর জাতীয় সড়কেরধ একটি বাড়িতে চলছে ইডির অভিযান। এই বাড়ির বাসিন্দা এক ব্যবসায়ী অজয় ও দামোদর নদী থেকে বালি উত্তোলন করে রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। সরকারি নিয়ম মেনে টেন্ডারে অংশ নিয়ে বৈধ বালি ঘাট থেকে বালি তোলার পাশাপাশি অভিযোগ একাধিক জায়গায় অবৈধ ভাবে বালি উত্তোলন করে পাচার করা হতো বলে অভিযোগ ।
এছাড়া বালির চালান জালিয়াতি করার অভিযোগ উঠেছে এইসব বালি কারবারিদের বিরুদ্ধে। অভিযোগ, বীরভূমের বালির চালান দিয়ে পশ্চিম বর্ধমান জেলায় বালি পাচার করত। এছাড়া একটা চালান দিয়ে একাধিকবার বালি পাচারের করত বলে অভিযোগ। এই ভাবে এইসব বালির কারবারিরা প্রচুর সম্পত্তি করেছে বলে অভিযোগ।এর পাশাপাশি, জামুড়িয়া বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিক হানা দিয়েছেন। একইসাথে, ঐ ব্যবসায়ীর রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে একটি হার্ডওয়ার দোকানেও ইডির আধিকারিকরা গেছেন বলে জানা গেছে।


