আসানসোলে রেলের জমিতে রাস্তা তৈরি আটকালো আরপিএফ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রেলপাড় এলাকার মুসাদ্দি মহল্লার বাসিন্দারা শনিবার রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের তরফে রেলের জমিতে রাস্তা নির্মাণ কাজ স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন আসানসোল রেল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এই প্রসঙ্গে রেলপাড় এলাকার বাসিন্দারা বলেন, মুসাদ্দি মহল্লায় একটি সেতু বা ব্রিজ তৈরি করা হয়েছে। সেই ব্রিজের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা তৈরি করা হয়েছে ও অন্যান্য নির্মাণ কাজ চলছে।














এদিন সকালে আরপিএফের অফিসাররা এসে সেই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। তারা বলেন, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা চাঁদমারি, কসাই মহল্লা, সেন্ট্রাম মল এবং এমনকি হাসপাতালে যেতে বাসিন্দাদের জন্যও কাজে লাগে । এদিন হঠাৎ করেই আরপিএফ এসে রাস্তা নির্মাণ কাজ হঠাৎ বন্ধ করে দেয়। বাসিন্দারা স্বীকার করেছেন যে, এই রাস্তাটি রেলের জমি রয়েছে। তারজন্য রেলকে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। দীর্ঘদিন ধরে বাসিন্দারা এটি ব্যবহার করে আসছেন। এদিন হঠাৎ করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা এই রাস্তা তৈরির কাজ বন্ধ হতে দেবেন না। প্রয়োজন হলে, তারজন্য আগামী দিনে শান্তিপূর্ণভাবে জিটি রোড অবরোধ করবেন।
আরো প্রয়োজনে তারা আসানসোলের ডিআরএম অফিস ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন ।এই প্রসঙ্গে এলাকায় আসা রেলের এক আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি জানিয়েছেন, তার মিডিয়ার সাথে কথা বলার অনুমতি নেই। তবে তার কথায়, তিনি যা বলার এলাকার বাসিন্দাদের বলেছেন। সমস্যার সমাধান বা ফয়সালা না হওয়া পর্যন্ত রাস্তায় কোন কাজ করা যাবেনা।


