আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে জল জমে সমস্যা, সমাধানে প্রশাসনিক আধিকারিকদের যৌথ পরিদর্শন
বেঙ্গল মিরর, আসানসোল ও জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে জল জমা বা ওয়াটার লগিং সমস্যা সমাধানের জন্য সোমবার জামুরিয়া থানার অন্তর্গত নিংঘায় একটি যৌথ পরিদর্শন বা ফিল্ড ভেরিফিকেশন করা হয়। দিন কয়েক আগে জেলা প্রশাসনিক স্তরে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে এদিন এই পরিদর্শন হয়েছে। এই পরিদর্শনে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল), ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই), আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন (এএমসি), পুলিশ আধিকারিক ও এবং জেলা প্রশাসনের তরফে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ।














এদিনের এই পরিদর্শনে ছিলেন ধীরাজ ঠাকুর (এরিয়া ইঞ্জিনিয়ার, ইসিএল), টি.কে. নাগ (এরিয়া সার্ভে অফিসার, ইসিএল), নীরজ অগ্রহারি (ম্যানেজার টেক, এনএইচএআই), সুদারাম দাস (আর.ই., এনএইচএআই), কৌশিক সেনগুপ্ত (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, এএমসি), অচিন্ত্য বারুই (এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার সাপ্লাই, এএমসি), রানা অম্বিকা দত্ত (টিআই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট) ও অনুপ কুমার হাটি ( ওসি, জামুড়িয়া ট্রাফিক গার্ড )।
পরিদর্শনের সময়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এএমসি বা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (জল সরবরাহ) অচিন্ত্য বারুই ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেবেন। এই রিপোর্ট শিল্প বা অন্যান্য লাভজনক উদ্দেশ্যে ইসিএল থেকে অতিরিক্ত জল ব্যবহারের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।জল জমে যাওয়ার সমস্যা সমাধানের পরে, এনএইচএআই রাস্তা মেরামত করবে। এর পাশাপাশি কার্যকরভাবে ভূগর্ভস্থ জল বার করার জন্য একটি সঠিক নিষ্কাশন ব্যবস্থা তৈরি করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


