আসানসোলে জেলাশাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক, নাম বাদ নিয়ে তৃণমূলের হুঁশিয়ারী, ১,৩৭, ৫৩৯ জনের এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি
এসআইআর শেষে শনিবার প্রকাশিত হচ্ছে ভোটার তালিকা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শেষে তথ্য যাচাইয়ের মধ্যেই আজ শনিবার ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে, শুক্রবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের তরফে জেলাশাসক রাজনৈতিক দলের প্রতিনিধিদের শনিবার প্রকাশিত হতে যাওয়া চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কে অবহিত করেন।














বৈঠকের পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আকাশ মুখোপাধ্যায় বলেন, জেলার ১,৩৭, ৫৩৯ জনের নাম এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত অসঙ্গতির কারণে বিচারকদের কাছে বিচারাধীন রয়েছে। এই নামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পর্যায়ক্রমে নেওয়া হবে। তিনি আরো বলেন, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যে যদি এই ১,৩৭,৫৩৯ তালিকা থেকে একজন বৈধ ভোটারও বাদ পড়ে, তাহলে তৃণমূল তীব্র আন্দোলন শুরু করবে। তৃণমূলের পক্ষ থেকে এদিনের বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবেনা।
এদিকে, কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, আগামীকাল তিনটি ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রথমত, যাদের নাম সরাসরি চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, দ্বিতীয়ত, যাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং তৃতীয়ত, যাদের নাম যুক্তিসঙ্গত অসঙ্গতির জন্য বিচারকদের বিবেচনাধীন। তিনি আরো বলেন, যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা ফর্ম ৬ এবং এনেক্সচার ৪ জমা দিয়ে পুনরায় নাম নথিভুক্ত করতে পারবেন। যাদের নাম যুক্তিসঙ্গত অসঙ্গতিতে আছে তাদেরও ভয়ের কোনও কারণ নেই। বিচারকরা তদন্ত করবেন এবং বৈধ প্রমাণিত হলে তাদের নাম ধাপে ধাপে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, বিজেপির প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী বলেন, শনিবার যাদের নাম যুক্তিসঙ্গত অসঙ্গতির তালিকায় আসবে তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোন রাজনৈতিক দলের দ্বারা তাদের প্ররোচিত করা উচিত নয়। চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন যে, বৈধ ভোটারদের নাম বিজেপি ভোটার তালিকা থেকে মুছে ফেলতে দেবে না।


