রাজ্যসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহা, অভিনন্দন ট্রেড সেলের কো-কনভেনারের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দোলের দিন মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে রাজ্যসভার দলের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে রাহুল সিনহার নাম ঘোষণা করা হয়েছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করায় অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য ট্রেড সেলের কো-কনভেনার সুব্রত ওরফে মিঠু ঘাঁটি। তিনি এদিন এক সাক্ষাৎকারে বলেন, দল তাকে বাংলা থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বঙ্গে বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে।














সুব্রতবাবু আরো বলেন, দলের হয়ে রাজনৈতিক কর্মসূচি করতে রাহুল সিনহা আসানসোলে যতবার এসেছেন, ততবার আমি তার সঙ্গে দেখা করেছি। তার সঙ্গে বলতে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই, এবার বাংলা থেকে মোট ৫ জন রাজ্যসভায় যাচ্ছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৫ নং প্রার্থী দেওয়ার কথা ছিলো পদ্ম শিবিরের। এদিন সেই প্রার্থী হিসেবে রাহুল সিনহার নাম ঘোষণা করা হলো।
উল্লেখ্য, রাহুল সিনহা আসানসোলে এলে তিনি আসানসোলের আপকার গার্ডেনে সুব্রতবাবুর বাসভবনেও এসেছেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। প্রসঙ্গতঃ, এদিন বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে ৬ টি রাজ্যের মোট ৯ জন রাজ্য সভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সদ্য দলের সর্বভারতীয় সভাপতি হওয়া নীতিন নবীন।





