সাউন্ড বক্স ভাড়া না দেওয়ায় পিটিয়ে খুনের অভিযোগ, কুলটিতে ব্যবসায়ীর মৃত্যু, দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* হোলির দিন সাউন্ড বক্স ভাড়া না দেওয়ায় সাউন্ড বক্স ব্যবসায় জড়িত এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার বাবুপাড়ায়। মৃত ব্যবসায়ীর নাম ভগবান ওঝা (৩৪)। রবিবার বিকেলে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ঐ ব্যবসায়ীর মৃতদেহের ময়নাতদন্ত হয়। এরপর এদিন বিকেলের পরে ব্যবসায়ীর মৃতদেহ নিয়ে সোজা কুলটি থানায় চলে আসেন পরিবারের সদস্য, আত্মীয়পরিজন ও এলাকার বাসিন্দারা। তারা দীর্ঘক্ষন মৃতদেহ থানার গেটের সামনে রেখে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। স্বাভাবিক ভাবেই থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।














পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃতের স্ত্রী মীনু ওঝা বলেন, গত ৪ মার্চ হোলির দিন বাবুপাড়ার বাসিন্দা গৌতম মিশ্র, অভিলাষ মিশ্র এবং অবিনাশ মিশ্র আমার স্বামীকে পিটিয়ে খুন করেছে। আমার স্বামী একজন সাউন্ড বক্স ভাড়া ব্যবসায়ী। হোলির দিন সকালে এই তিন ব্যক্তি আমার স্বামীর কাছে এসে একটি সাউন্ড বক্স ভাড়া নিতে এসেছিলেন। কিন্তু তার কাছে থাকা সমস্ত সাউন্ড বক্স ভাড়া হয়ে যায়। আমার স্বামী তাদেরকে বলে যে তার কাছে সাউন্ড বক্স নেই। তাই সে ভাড়া দিতে পারছেন না। এরপর গৌতম, অভিলাষ এবং অবিনাশ মিশ্র সেদিন দুপুরে আমার স্বামী ভগবান ওঝাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পেটায়। যার ফলে তার মৃত্যু হয়।
ভগবান ওঝার বোনও এদিন গৌতম, অভিলাষ এবং অবিনাশের বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ প্রশাসনের কাছে তিনজনের কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, আমার ভাইয়ের তিনটি ছোট বাচ্চা আছে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তার মৃত্যু গোটা পরিবারকে পথে বসিয়েছে। এখন তার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে। গৌতম, অভিলাষ এবং অবিনাশের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারাও কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।পুলিশের এক আধিকারিক বলেন, গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করে দোষীদের খোঁজ করা হচ্ছে। অভিযুক্তরা পালিয়ে গেছে।





