নিয়ন্ত্রণহীন ডাম্পার একটি স্করপিও ও এরপর পরপর তিনটি বাইককে মারল ধাক্কা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া: জাতীয় সড়ক-১৪-এর কুনুস্তোড়িয়া মোড়ের কাছে শুক্রবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জামুড়িয়া থানার অন্তর্গত এই ঘটনায় একটি নিয়ন্ত্রণহীন ডাম্পার প্রথমে একটি স্করপিও গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর পরপর তিনটি মোটরবাইককে ধাক্কা দেয়, যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন।














তাঁদের অভিযোগ, এই রাস্তায় ভারী যানবাহনের অতিরিক্ত গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।যদিও স্বস্তির বিষয়, এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবুও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দাবি জানান, ডাম্পারের নিয়ন্ত্রণহীন চলাচল বন্ধ করতে হবে এবং সড়ক নিরাপত্তা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।


