প্রয়াত আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রয়াত হলেন আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শিবদাস চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে আসানসোলের কালিপাহাড়ি মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। রাজনীতির শুরু থেকে কংগ্রেস করে আসা শিবদাস চট্টোপাধ্যায় পরে তৃণমূল কংগ্রেস যোগ দেন। এলাকার পাশাপাশি তিনি গোটা আসানসোলে ” শিবুদা ” বলে পরিচিত ছিলেন। গোটা এলাকায় তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিলো যে, তিনি নিজের দলের পাশাপাশি বিরোধী দলের কাছে গ্রহন যোগ্য ছিলেন। গত পুরসভা নির্বাচনে তিনি আর ৮৫ নং ওয়ার্ডে প্রার্থী হননি।














পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে শিবদাস চট্টোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে বেরোতে পারতেন না। বাড়িতে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আসানসোলের কালিপাহাড়ি মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
এদিন সকালে তার মৃতদেহ আসানসোলের মহিশীলা কলোনিতে বাড়ি সংলগ্ন ৮৫ নং ওয়ার্ড তৃনমুল কংগ্রেস কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে সবাই তাকে শেষ শ্রদ্ধা জানান। তার মৃত্যুতে আসানসোলের তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দলমত নির্বিশেষে সব দলের নেতারা শোক প্রকাশ করেন। তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

