ASANSOLKULTI-BARAKAR

বিধায়ক হিসেবে ৫ বছরের কাজের খতিয়ান প্রকাশ কুলটির বিজেপি প্রার্থীর

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* বিধায়ক হিসেবে গত ৫ বছরে এলাকার উন্নয়নে কি কি কাজ করেছেন তার একটি খতিয়ান বা রিপোর্ট কার্ড শুক্রবার প্রকাশ করলেন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাঃ অজয় পোদ্দার। এদিন দুপুরে কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার বরাকরে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি দলের নেতাদের উপস্থিতিতে তাঁর ৫ বছরের কাজের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন , কুলটির বিধায়ক হিসেবে আমার কার্যকালে আমি এত কাজ করেছি যে তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবতে শুরু করেছে যে বিজেপি আবারও এখান থেকে জনসমর্থন পেতে পারে।

তাই, বৃহস্পতিবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসানসোলে এসেছিলেন, তখন কুলটির বিজেপি কর্মীদের আসানসোলে যেতে দেওয়া হয়নি। বিজেপির তরফে সেখানে কর্মী ও সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য বাস বুকিং করেছিলো। কিন্তু তৃণমূল কংগ্রেসের বাস ইউনিয়নের নেতাদের হুমকির কারণে বাস মালিকদের সেই বুকিং বাতিল করতে হয়েছে। তিনি আরো বলেন , কুলটির মানুষ সবসময় একসঙ্গে বসবাস করেছেন এসেছেন। কিন্তু এখন তৃণমূল কংগ্রেস কুলটির এই সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করতে চায়। কিন্তু বিজেপি এটা হতে দেবে না।

তিনি বলেন , আজ কুলটির মানুষ পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না। রাস্তার অবস্থা খারাপ। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগম এ বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। সবদিক থেকেই কুলটি বরাবরই বঞ্চিত। বিরোধী দল করায় আমাকে বিধায়ক তহবিলের টাকায় এলাকায় কাজ করতে প্রতি পদক্ষেপে বাধা দেওয়া হয়েছে। তা সত্বেও আমি অনেকটাই কাজ করতে পেরেছি। ডাঃ অজয় পোদ্দার কুলটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককেও আক্রমণ করেন। তিনি বলেন , অভিজিৎ ঘটক আমাকে জিজ্ঞাসা করছেন আমি বিধায়ক হিসেবে কি করেছি।

আমি আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে বলতে চাই যে, ডেপুটি মেয়র হিসেবে তাঁর কাজের জন্য কুলটির জনগণকে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, একজন ডাক্তার হিসেবে আমি গত ৪৫ বছর ধরে মানুষের চিকিৎসা করে আসছি। মানুষ আমার চেনেন ও তারা আমার সম্পর্কে সবকিছু জানেন। তাই তৃণমূল কংগ্রেস যদি এখানকার মানুষের মধ্যে আমার সম্পর্কে মিথ্যা প্রচারও করে, তারা তা বিশ্বাস করবেন না। বিজেপি প্রার্থীর দাবিতে সহমত পোষণ করে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্য নেতারা দাবি করেন, ডাঃ অজয় পোদ্দার এবারে গত বারের চেয়ে বেশি ভোটে জিতবেন।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *