বারাবনিতে চাঞ্চল্য, পরিত্যক্ত পাথর খাদানের জলে তলিয়ে গেল ১২ বছরের কিশোর, দুদিনেও হয়নি উদ্ধার
বেঙ্গল মিরর, বারাবনি, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পরিত্যক্ত খাদানে স্নান করতে গিয়ে তলিয়ে গেলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার আমডিয়া এলাকায়। দুদিন পরেও শনিবার বিকেল পর্যন্ত তলিয়ে যাওয়া কিশোর উদ্ধার না হওয়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমডিহা এলাকায়। মৃতের নাম বাপি তুরী (১২)। তার বাড়ি আমডিহা গ্রামেই। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে কয়েক জন বন্ধুর সঙ্গে গ্রামের অদূরে একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে গিয়েছিল বাপি। কোনও ভাবে সে জলে ডুবে যায়। তাতে তার বন্ধুরা ভয় পেয়ে বাড়ি চলে যায়। কিন্তু তারা বাড়িতে কিছুই জানায়নি।














পরে রাত ৯ টার যখন পরিবারের লোকজন বাপির খোঁজাখুঁজি শুরু করে তখন জানতে পারে যে, সে কয়েকজন বন্ধু মিলে নাদাই বুড়ি মন্দির সংলগ্ন একটি পরিত্যাক্ত পাথর খাদানে স্নান করতে নেমে তলিয়ে যায়।এরপরেই খবর দেওয়া হয় বারাবনি থানায় পুলিশ দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদেরকে। শুক্রবার সকাল থেকে ঐ পাথর খাদানে নেমে তল্লাশি চালালেও ডুবে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। শনিবার সকালে ছ’সদস্যের একটি ডুবুরি দল এনে ফের তল্লাশি চালানো হয়।
জলের গভীরতা এতটাই ছিল যে তাতেও তারা বিফল হয় অবশেষে খাদানের জল কমিয়ে খোঁজার পরিকল্পনা করা হয় ।গ্রামবাসী সুজয় বাউরি বলেন, বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পাঁচ বন্ধু মিলে নাদাই বুড়ি মন্দির সংলগ্ন পরিত্যক্ত পাথর খাদান এর জলাশয়ে স্নান করতে আসে। সেখানে স্নান করার জন্যে জলে লাফ দেয় বাপি এরপরেই আর বাপির খোঁজ মেলেনি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের লোকজন এলেও, তারা সফল হয়নি।
উদ্ধারকাজ চলছে। তবে ডুবে যাওয়ার দুদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি । ডুবুরি দলের তরফে সেভেন ব্যাটেলিয়ান কর্মী অমৃত বক্সি বলেন, আমরা দুদিন ধরে চেষ্টা চালাচ্ছি। এই পাথর খাদানের গভীরতা আছে। তাছাড়া বহু পুরনো পাথর খাদান এটা। কোন পাথরের খাঁজে আটকে থাকতে পারে ঐ কিশোর । তবে চেষ্টা চলছে যাতে, তাড়াতাড়ি তাকে উদ্ধার করা যায়।

