পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ আসানসোলে বিদ্রোহী কবির ১২৭ তম জন্মদিবস পালন
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে আসানসোলের কথা হলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মদিন পালন করা হয়। এদিন এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম সহ অন্যান্যরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানান। কবির ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলাশাসক বলেন, কাজী নজরুল ইসলাম আসানসোলের অদূরে জামুড়িয়ার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মহান কবি ছিলেন। তাঁকে বিদ্রোহী কবি বলা হতো।














তাঁর কবিতা ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামরত বিপ্লবীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছিল। যে কারণে ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে খুব ভয় পেত। কাজী নজরুল ইসলামের কবিতায় অনুপ্রাণিত হয়ে ভারতের মহান বিপ্লবীরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যাঁর কোনো সীমানা ছিল না। প্রতিবেশী দেশ বাংলাদেশ তাকে নিজেদের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে। বাংলা সহ গোটা ভারতে আজও কবির আদর্শ মেনে চলা হয়।

