ASANSOL-BURNPUR

বার্নপুরে আবারও চললো সেল আইএসপির বুলডোজার ভাঙলো আরো এক তৃণমূল কাউন্সিলারের কার্যালয়

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে সরকারের বদল হওয়ার পরে গত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এলাকায় সেল আইএসপি বা ইস্কো কারখানার জমিতে অবৈধভাবে নির্মিত তৃণমূল কংগ্রেসের অফিস ও কার্যালয় বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। মঙ্গলবার আসানসোল পুরনিগমের ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাহকাশা রিয়াজ খুশির কাউন্সিলর অফিসটি ভেঙে দেওয়া হয়েছে। আইএসপির দাবি, কোম্পানির জমিতে অবৈধভাবে অফিসটি নির্মাণ করা হয়েছিল।এ বিষয়ে কাউন্সিলর বলেন , এই অফিস থেকেই আমি আমার কাউন্সিলরের কাজ চালাতাম।

তিনি স্বীকার করেন , যে জমিতে অফিসটি তৈরি করা হয়েছিল তা আইএসপির। কিন্তু তনি দাবি করেন যে নির্বাচনের আগে আমি আইএসপি কতৃপক্ষকে জানিয়েছিলাম যে নির্বাচনের পর অফিসটি খালি করে দেবেন। এদিন সেটি ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলেন, আইএসপি যে তাদের জমির দখল নিচ্ছে, এটা ভালো কথা। কিন্তু জমির দখল নেওয়ার পর আইএসপি-র উচিত উন্নয়নমূলক কাজ করা। কারণ তৃণমূল কখনোই উন্নয়নমূলক কাজে বাধা দিতে চায় না।

তিনি আইএসপিকে এও অনুরোধ করেন যে, দখল নেওয়ার পর যেন জমি খালি না রাখা হয়। তাহলে আগামী দিনে হয়তো অন্য কোনো দল তা দখল করে নেবে।সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষ জানায়, জমি আইন মেনে দখলমুক্ত করা হয়েছে।প্রসঙ্গতঃ, এর আগে বার্নপুরে আসানসোল পুরনিগমের দুই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের কার্যালয় সহ একাধিক তৃণমূল কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *