২০২৬ র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পশ্চিম বর্ধমানের চার কৃতিকে সম্বর্ধনা এবিটিএর
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রতি বছরের মতো এবারেও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএর আসানসোল মহকুমা এবং পশ্চিম বর্ধমান জেলা শাখার যৌথ উদ্যোগে ২০২৬ র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মহকুমা এবং জেলাস্তরের কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসানসোল মহকুমা তথা পশ্চিম বর্ধমান জেলা থেকে যারা ভালো রেজাল্ট করে এলাকার নাম উজ্জ্বল করেছে, তাদেরকে সমিতির পক্ষ থেকে স্মারক, ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে সম্মানিত করা হয়।













এই কৃতীরা হল মাধ্যমিকে অম্লান মাজি, সম্রাট চক্রবর্তী ও উচ্চ মাধ্যমিকে অভীদ্ধ আচার্য ও অম্বালী চট্টোপাধ্যায় ৷নিখিল বঙ্গ শিক্ষক সমিতি জেলা ও মহকুমা নেতৃত্বের তরফে বলা হয়েছে, সংগঠন সব সময় ছাত্র-ছাত্রীদের স্বার্থ ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লড়াইয়ে বদ্ধপরিকর৷ আরো বলা হয়েছে, শুধুমাত্র ভালো নম্বর পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। বরং একজন আদর্শ ও সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কৃতীদের।কৃতিদের এই সম্বর্ধনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অমিতদ্যুতি ঘোষ, অনিন্দ্য দাস, প্রদীপ পাত্র, শান্তনু দে, সৈকত চট্টোপাধ্যায়, সৌরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উদয় চন্দ্র পাল সহ অন্য শিক্ষক নেতারা৷


