সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ, পশ্চিম বর্ধমানেও শুরু বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া প্রক্রিয়া
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* মহিলাদের সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করা হলো। এদিন সকালে কলকাতার বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও এই কর্মসূচির উদ্বোধন হয়। পরে সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও চিকিৎসকরা।













স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ১৪ বছর ও তার ঊর্ধ্বে বয়সি মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের সংক্রমণ থেকেই ভবিষ্যতে জরায়ু মুখের ক্যানসার-সহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।জেলার মহকুমা ও জেলা হাসপাতালের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ হাসপাতালেও এই ভ্যাকসিন দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ৩২ হাজার জনকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা গেছে ।


