ASANSOL

শহরের যানজট ও অপরিচ্ছন্নতা কমাতে সরছে আসানসোলের হোলসেল মার্কেট উদ্যোগী বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শহরের যানজট ও অপরিচ্ছন্নতা কমাতে আসানসোলের বিভিন্ন হোলসেল বাজারকে ধাপে ধাপে ১৯ নং জাতীয় সড়কের কালীপাহাড়িতে স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে। রবিবার আসানসোলের ফলের পাইকারি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।পরে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এর আগেও আসানসোল বাজারের হোলসেল মার্কেটকে কালীপাহাড়িতে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

এবার সেই পরিকল্পনাকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরো বলেন, শহরের মধ্যে হোলসেল বাজার থাকার ফলে প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রাতের বেলায় পণ্যবাহী গাড়ির লোডিং-আনলোডিংয়ের কারণে বিভিন্ন রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ছে। পাশাপাশি বাজার এলাকার পরিচ্ছন্নতা নিয়েও সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই ফল, সবজি, মাছ, ডিম সহ সমস্ত পাইকারি বাজারকে পর্যায়ক্রমে কালীপাহাড়িতে স্থানান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।বিধায়কের দাবি, কালীপাহাড়িতে বাজার বসানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

প্রশাসনের বিভিন্ন স্তরেও এই নিয়ে কথাবার্তা চলছে।এদিকে, রবিবারই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের দল কালীপাহাড়িতে প্রস্তাবিত হোলসেল মার্কেট এলাকা পরিদর্শন করে। বাজার স্থানান্তরের ক্ষেত্রে নিরাপত্তা, যানবাহন চলাচল ও অন্যান্য পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর।প্রশাসনের আশা, পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন শহরের যানজট অনেকাংশে কমবে, তেমনি বাজার এলাকার পরিচ্ছন্নতা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনাও আরও উন্নত হবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *