এক পশলা বৃষ্টিতেই রানীগঞ্জের নিকাশি ব্যবস্থার হাল ফুটে উঠল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এক পশলা বৃষ্টিতেই খনি শহর রানীগঞ্জের নিকাশি ব্যবস্থার হাল ফুটে উঠল রানীগঞ্জ শহর জুড়ে। রানীগঞ্জের বাজার এলাকার বিস্তীর্ণ অংশে বুধবার রাত্রের ঘন্টাখানেকের বৃষ্টি রানীগঞ্জের নালা নর্দমা গুলিকে ভরিয়ে তোলে। অবস্থা এমনই হয়ে ওঠে যে রানীগঞ্জের এতোয়ারী মোড়, হাটতলা মোড় থেকে শুরু করে রানীগঞ্জের বড়বাজার এমনকি রানীগঞ্জের শহরের মধ্যমণি এলাকা রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু সংলগ্ন মারওয়ারী হাসপাতালের চারপাশ, নালা নর্দমার জল উপচে পড়ে জাতীয় সড়কে তা চলে যায়।














উল্লেখ্য শহরের বেশ কয়েকটি অংশেই জল নিকাশি ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে বেশ কয়েকদিন ধরেই নালা নর্দমা গুলি ভোরে ওঠে আবর্জনায়, এমনই বেশ কয়েকটি অংশ দিয়ে জল উপচে পড়ায় রানীগঞ্জের এনএসবি রোডের ডলফিন ময়দান সংলগ্ন এলাকা রানীগঞ্জ বরো দপ্তর সংলগ্ন অংশ জলে ভরে যায় এর জেরে ব্যাপক দুর্ভোগে পড়তে হয় পথ চলতি মানুষজনদের। নোংরা আবর্জনা পূর্ণ জল রাস্তার উপরে উপচে পড়ায় সেই জল বেয়ে যাতায়াত করতে বাধ্য হয় পথ চলতি মানুষ। আর তার সঙ্গে এই জল জমে গিয়ে রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত হয়।
রানীগঞ্জ শহরে ঢোকার মুখেই পাঞ্জাবি মোড়ে আন্ডারগ্রাউন্ড ড্রেনের সিস্টেম হওয়ার পর সেই সকল এলাকা গুলি সম্পূর্ণভাবে মেরামত না করায় সেই অংশের রাস্তাতেও খানাখন্দ তৈরি হয়। সবমিলিয়ে রানিগঞ্জ শহরের নিকাশি ব্যবস্থা যে অল্প একটু বৃষ্টিতেই ভেঙে পড়ে তা এই সকল বিষয় লক্ষ্য করে স্পষ্ট হয়। যদিও এ বিষয়ে বরো দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল সাহাজাদা অবশ্য জানিয়েছেন সমস্ত বিষয়গুলির উপর নজর রাখা হয়েছে দ্রুত নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাগুলিকে সাফ সাফাইয়ের জন্য তারা উদ্যোগ নেবেন। এখন দেখার প্রশাসন কিরূপ কি ব্যবস্থা নেয় এই নিকাশি ব্যবস্থা সুদৃঢ় করতে।

