ASANSOL

শর্ট সার্কিট না “পোস্ট পোল ভায়োলেন্স”? পুড়ে যাওয়া তৃণমূল অফিস পুনর্গঠনে মাঠে আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৫২ নম্বর ওয়ার্ডের বার্নপুর রোডের কোর্ট মোড় এলাকায় তৃণমূল কাউন্সিলর মৌসুমী বসুর দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক তদন্তে, এই অফিসে আগুন লাগার কারণ হিসেবে শর্ট সার্কিটের ইঙ্গিত মিললেও, সোশ্যাল মিডিয়ায় ঘটনাটিকে “পোস্ট পোল ভায়োলেন্স” বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে অবশ্যই উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।এই আবহে চমকপ্রদ ও অভিনব এক পদক্ষেপ নিলেন আসানসোল উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

তিনি নিজের উদ্যোগে এবং খরচে পুড়ে যাওয়া তৃণমূল কার্যালয়ের পুনর্নির্মাণের কাজ শুরু করিয়েছেন। বৃহস্পতিবার সকালে এলাকায় গিয়ে দেখা গেলো বিজেপি কর্মীরা দাঁড়িয়ে থেকে অফিস তৈরির কাজ তদারকি করছেন। বিজেপি দাবি, অফিস সম্পূর্ণ তৈরি হওয়ার পর সেটি তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে।এই বিষয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, বিজেপি হিংসার রাজনীতি করে না। শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে বিজেপি। যারা বিজেপির পতাকা হাতে নিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজ আসল বিজেপি নেতা ও কর্মীরা কোনদিনই করতে পারেন না।

তিনি আরো অভিযোগ করে বলেন, শর্ট সার্কিটের ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রচার চালানো হয়েছে। যাতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিক দায়িত্ববোধ থেকেই বিরোধী দলের পুড়ে যাওয়া অফিসের এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কের।তবে এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

একদিকে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে জল্পনা, অন্যদিকে বিরোধী দলের বিধায়কের তৃণমূল অফিস পুনর্নির্মাণের উদ্যোগ, দুই মিলিয়ে ঘটনাটি এখন শহরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।তবে, বিজেপি বিধায়কের এই উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। প্রসঙ্গতঃ, নির্বাচনের ফল বেরোনোর পরের দিন ৫ মে মঙ্গলবার রাতে কোর্ট মোড়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের অফিসে আগুন লেগে যায়। তাতে পুড়ে ছাই হয়ে যায় সেই অফিস।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *